আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৮ নভেম্বর) সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন আমরা বিদেশীদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছি। কিভাবে দিয়ে দিচ্ছি? গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বিদেশী কোম্পানি নাই? বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশী ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরো বেশি লাভবান হচ্ছেন। আমাদের চট্টগ্রাম বন্দরটি এখনো ওরকম মডার্ণ নয়। মডার্নাইজেশন করতে গেলে বিদেশী ব্যবস্থাপনার প্রয়োজন। তাছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না।
নগরবাড়ি নদী বন্দর সম্পর্কে উপদেষ্টা বলেন, এই বন্দরের সুফল ইতোমধ্যে এখানকার ব্যবসায়ীরা পেতে শুরু করেছে। ভবিষ্যতে আরো সুযোগ হলে এখানে কন্টেইনার হ্যান্ডেলিং এর ব্যবস্থা করা হবে। সেটিও আমরা পরিকল্পনায় রেখেছি। এছাড়া আমরা চারটা ড্রেজার মেশিন পেয়েছি। নাব্যতা সংকট নিরসনের জন্য এর একটি এখানে দেয়া হচ্ছে৷ সবমিলিয়ে মাঝারি আধুনিক একটি পোর্ট হিসেবে এটিকে গড়ার চিন্তাভাবনা রয়েছে। ভবিষ্যত সরকারের চিন্তা ভাবনা করতে হবে।
চিন্তা ভাবনা করে আপনারা ভোট দিবেন। যাতে তিনি নিচের থেকে পরিকল্পনা করে উন্নয়ন করতে পারেন তিনি। সতের বছরে অনেকেই ভোট দিতে পারেননি, অনেক বাক্স দেখেননি। ভাল ভোট করার জন্য নির্বাচন কমিশনকে সহযোগীতা করতে হবে। ভোট কেন্দ্রে যেতে হবে। যাতে বিশৃঙ্খলা না হয় সেই বিষয় সরকার নিশ্চিত করবে।
বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার বেগম, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পাবনা জেলার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মঞ্জুর আলম শিকদার
পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা মো ইকবাল হোসাইন, সুজানগর উপজেলা জামায়াতের আমীর কেএম হেসাব উদ্দিন, ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন,
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান, বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) নুরেন মায়িশা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে নৌ পরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ এর উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।