আমিনপুর প্রতিনিধি: পাবনা জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাজিরহাট ঘাট থেকে পুরান মাশুমদিয়া পর্যন্ত সড়কটি আজ চরম বেহাল অবস্থায় উপনীত হয়েছে। কাজিরহাট থেকে ৪০০ গজ পশ্চিমে রাস্তা ভেঙে বিরাট খাতে পরিনত হয়েছে,যে কারনে বর্তমানে চলাচল অযোগ্য হয়ে পরেছে, বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, বর্তমানে রাস্তাটা চলাচলের অযোগ্য, আবার রাস্তাটির অনেক স্থানে মাটি সরে গিয়ে তৈরি হয়েছে বিপজ্জনক খাদ।
সড়কটি স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কাজিরহাট উচ্চ বিদ্যালয় ও কাজিশরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে।
এই সড়ক ব্যবহার করে সুজানগর উপজেলার প্রায় ৪০% মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। সামনে ঈদুল আযহার ছুটি। ঢাকাসহ অন্যান্য শহর থেকে শত শত মানুষ এই সড়ক দিয়েই নিজ বাড়িতে ফিরবেন। কিন্তু রাস্তাটি বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই অবস্থায় সড়কটি আরও মারাত্মক দুর্ঘটনার শঙ্কা তৈরি করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। বারবার জানানো হলেও সমস্যা সমাধানে কোনো অগ্রগতি দেখা যায়নি।
এলাকাবাসীর প্রশ্ন—জনগণের নিরাপত্তা ও মৌলিক চলাচলের অধিকার রক্ষায় দায়িত্বশীলদের নীরবতা কেন? এই রাস্তাটি কি না দেখার মতো কিছু?
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি,
ঈদের আগেই জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা হোক, যাতে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে।