পাবনার দাপুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ) রাতে ইউনিয়নের বড় দিকশাইল এলাকার কৃষক আব্দুল কুদ্দুসের ক্ষেতে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কৃষক দাপুনিয়ার বড় দিকশাইল এলাকার মৃত আতোয়ার আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংসারে স্বচ্ছলতা আনতে অন্যের জমি লিজ নিয়ে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে প্রায় ১ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করে কৃষক আব্দুল কুদ্দুস। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তোলেন। প্রতিদিনের মতো গতকা বুধবার সকালে লাউক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি। পরবর্তীতে তিনি লাউ ক্ষেতে ঢুকে দেখেন সব লাউ গাছের গোড়া কাটা রয়েছে।
ভুক্তভোগী কৃষক আব্দুল কুদ্দুস বলেন, ‘সকালে এসে দেখি আমার লাউয়ের ক্ষেতের সব গাছ কাটা। আমি প্রথমে দেখেই হতবাক হই। আমার সকল স্বপ্ন ভেঙে গেছে। পুরো নিঃস্ব হয়ে গেলাম। প্রতিদিন ক্ষেত থেকে প্রায় ১০০ টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। এখনও হাজারো লাউ গাছে ধরে আছে। কিন্তু সব লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’ প্রশাসনের নিকট সুস্ঠু তদন্তে দাবি জানাই।

এদিকে লাউ গাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এলাকাবাসী বলেন, সে অনেক গরীব মানুষ, অন্যের জমি লিজ নিয়ে জমিতে লাউ গাছ আবাদ করে আসছে। কয়েক মাস আগে জমিতে লাউয়ের চারা রোপণ করা হয়। এখন জমিতে হাজারো লাউ ধরে আছে। এখানের সবজি এলাকার সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে থাকে। এখন সব শেষ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া দরকার।’
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’