মনির খান শিপনঃ পাবনা জেলার আমিনপুর থানার কাজির হাটের কৃতি সন্তান, জনপ্রশাসনের দক্ষ কর্মকর্তা যুগ্ম সচিব ও মীরসরাই অর্থনৈতিক জোনের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ ফারুক মনো (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর আমাদের মাঝে নেই। আজ শুক্রবার বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা থেকে নিজ বাড়ি কাজির হাটের উদ্দেশ্যে রওনা হয়ে আরিচা স্পিডবোট কাউন্টারে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে স্পিডবোট যাত্রী ছাউনিতে কিছুক্ষণ অবস্থানকালে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় ঘাটে উপস্থিত লোকজন দ্রুত তাকে চিকিৎসা সহায়তা দিতে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে তার মরদেহ নিজ বাড়ি কাজির হাটের দিয়ারব্রামুন্দি গ্রামে নেওয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার ইমিডিয়েট বড় ভাই রানা বর্তমানে ইতালি প্রবাসী। তিনি দেশে ফেরার পর মরহুমের দাফনসহ অন্তিম কার্যক্রম সম্পন্ন করা হবে।
মরহুম আব্দুল্লাহ ফারুক মনোর পিতার নাম মরহুম ওয়াদুদ মিয়া। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি একজন স্নেহশীল স্বামী ও দায়িত্বশীল পিতা ছিলেন। তার স্ত্রী একজন এডিসি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তান রেখে গেছেন—এক পুত্র, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, এবং এক কন্যা, যিনি বর্তমানে নবম শ্রেণির শিক্ষার্থী।
কর্মজীবনে আব্দুল্লাহ ফারুক মনো ছিলেন অত্যন্ত বিনয়ী, দক্ষ ও সৎ প্রশাসক। দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাগত নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সমানভাবে শ্রদ্ধেয় ছিলেন। তার অকালপ্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং পাবনাবাসী এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।