
পাবনার মনোহরপুরে উৎসবমুখর পরিবেশে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পাবনা জেলা ব্র্যাক সমন্বয়কারী মারুফ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মনিরুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফরিদুজ্জামান এবং মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনতাজ আলী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান, সাবেক পোস্ট মাস্টার আব্দুল লতিফ এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচি সোশ্যাল এন্টারপ্রাইজের এলাকা ব্যবস্থাপক রাজন দাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম রাশেদ। শিক্ষক হাসিবুর রহমান বাপ্পি ও নার্গিস আক্তারের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী বিভিন্ন ইভেন্টের খেলাধুলা পরিচালনা করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লাফসহ বিভিন্ন ক্রীড়া এবং গান, নাচ ও আবৃত্তির মতো সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিকেলে সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।