প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
হাবিবের ধৃষ্টতাপুর্ণ বক্তব্য ইমাম মুয়াজ্জিনরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন: মসজিদ মিশন

সোমবার (১৯ মে) এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান বাংলাদেশ মসজিদ মিশন পাবনা জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি মাওলানা সফিউল্লাহ ও সেক্রেটারি হাফেজ আহমাদুল্লাহ।
প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত ১৫ মে ২০২৫ আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার জামে মসজিদে আসরের নামাজ চলাকালীন সময়ে বিএনপি নেতা আলম ও আসিম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মসজিদের বাহিরে গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকেন। এসময় মুসল্লিগণ নামাজ শেষ করে দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। এক পর্যায়ে মুসল্লীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নামাজের সময়ে গুলি ও ককটেল নিক্ষেপ একটি নজীরবিহীন ঘটনা। আমরা এমন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
তারা বলেন, ওই দিন সন্ধ্যায় একটি ইসলামি সংগঠনের অফিসে আগুন লাগিয়ে অফিসের আসবাবপত্র এবং পবিত্র কুরআন পুড়ানো হয় যা মিডিয়ার মাধ্যমে আমাদের দৃষ্টি গোচরে আসে। আটঘরিয়ার পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিভানো হয়। অথচ জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন অফিসে আগুন দেয়া হয়নি আর কুরআন পুড়ানো হয়নি। যারা পবিত্র কুরআনে আগুন দিয়েছে তাদের এমন ধৃষ্টতাপুর্ণকর্মকাণ্ডের এবং হাবিবুর রহমান হাবিবের মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, হাবিবুর রহমান হাবিব আরো বলেছেন আটঘরিয়ার কোনো মসজিদে জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না ও জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবেনা। মি. হাবিব সাহেবের এমন কথা বলার কোন নৈতিক অধিকার নেই। আটঘরিয়ার সকল মসজিদ কি হাবিবের বাপের তৈরি? ইমাম মুয়াজ্জিনের বেতন কি হাবিব দিয়ে থাকেন? মিঃ হাবিব কি আটঘরিয়ার কোন ওয়ার্ডের মেম্বার? কোন ইউনিয়নের চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান? উপজেলা প্রশাসনের কোন কর্তা কিংবা রাষ্ট্রের কোন দায়িত্বশীল? তিনি কি একজন বড় আলেম বা মুফতি? মি. হাবিব সাহেবের এমন ধৃষ্টতাপুর্ণ বক্তব্য আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন সহ দেশের সকল জনগন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরাও হাবিব সাহেবের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তার বক্তব্য প্রত্যাহার করার আহবান জানাচ্ছি।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.