বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনার আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ৫ আগস্ট রক্ত ও জীবনদানের মাধ্যমে দেশে একটা পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সুফল যেন দেশের গরিব মানুষ পায়, সাধারণ মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) পাবনার আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ এগিয়েছে কিন্তু তার চেয়ে অনেক বেশি দরিদ্রতা, অভাব আমাদের গ্রাস করে ফেলেছে। এই বাংলাদেশে অমিত সম্ভাবনা আছে, বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সেই সুযোগ আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে।
আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা দেন সিরাজগঞ্জের এমএ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
সেখান থেকে বাছাই করা ১৫০ জন রোগীকে বিনামূল্যে হাসপাতালে নিয়ে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিনামূল্যে ওষুধ ও থাকা খাওয়ার ব্যবস্থাও করা হবে।
অনুষ্ঠানে পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, রেহানুল ইসলাম বুলাল, আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুল বিশ্বাস, এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের কোঅর্ডিনেটর মির্জা আহমদ আলী লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।