
পাবনার কৃতি সন্তান, ‘ময়নামতির চর’ খ্যাত প্রখ্যাত কবি বন্দে আলী মিয়ার ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণে সমাধিস্থলে কবি পরিবার সহ ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে পাবনা সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে পাবনা শহরের রাধানগর (নারায়ণপুর) এলাকায় অবস্থিত কবরস্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এসএম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান খান, আমানুল্লাহ আমান, কবি বন্দে আলী মিয়ার ছোট ছেলে রমিজুল ইসলাম, বড় নাতী জামাই মোঃ আফসার আলী, নাতী জামাই মোঃ হাবিবুর রহমান, নাতনী নাদীরা আক্তার,রুমকী আক্তার, রজনী আক্তার, পরিচালক আখতার উদ্দিন সহ পাবনা সংস্কৃতি কেন্দ্র এর নাট্য ও সঙ্গীত শিল্পীরা।
কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন, পাবনা সংস্কৃতি কেন্দ্রের তেলোয়াত বিভাগের সম্পাদক আমিনুল ইসলাম।
পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এসএম সোহেল বলেন, গণমানুষের এই কবি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পদক-এ ভূষিত হওয়া সত্ত্বেও তার পৈতৃক নিবাস ও সমাধি রক্ষায় সরকারি বা বেসরকারি কোনো বড় উদ্যোগ দেখা যায়নি। স্থানীয় সাহিত্যপ্রেমী ও পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি—কবির স্মৃতি রক্ষার্থে রাধানগর-নারায়ণপুরের পৈতৃক ভিটা অধিগ্রহণ করে একটি জাদুঘর ও পাঠাগার নির্মাণ করা হোক।
তিনি আরও বলেন, পাবনা শহরের রাধানগর-নারায়ণপুর মহল্লায় কবির যে পৈতৃক বাড়ি, সেটি আজ চরম দৈন্যদশায় পরিনত হয়েছে। ১১৮ বছরেরও বেশি পুরনো বাড়িটি সংস্কারের অভাবে ধ্বংসের মুখে। বাড়িটিতে কবির স্মৃতিবিজড়িত কোনো সংগ্রহশালা বা পাঠাগার সরকারিভাবে গড়ে ওঠেনি। বাড়ি, লাইব্রেরি ও কবরস্থান সরকারিভাবে সংরক্ষণ করার দাবি জানান তিনি।