
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনার তথ্যের ভিত্তিতে ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল আলমের তত্ত্বাবধানে অবৈধ বালুমহাল থেকে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একজনকে এক লাখ টাকা জরিমানা ও আরেকজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধা ৭ টার দিকে আমিনপুর দক্ষিণপাড়া মাঠ পয়েন্ট ও কাজিরহাট ঘাট ক্যানাল পয়েন্টে অভিযান করা হয়।
আমিনপুরের চকভরিয়া গ্রামের মৃত মজিবর উদ্দিন মৃধার ছেলে তরিকুল ইসলাম রতনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া টাঙ্গাইলের কালিহাতি সাগোয়ালমারীর আবু বকরের ছেলে ফরিদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বেড়া উপজেলার আমিনপুরে বেশ কয়েকটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও মানুষের কাছে বিক্রি করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় আমিনপুর দক্ষিণপাড়া মাঠ পয়েন্ট হতে মোঃ তরিকুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়। অন্যদিকে কাজিরহাট ঘাট ক্যানাল পয়েন্ট হতে ফরিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।এছাড়াও ২ টি ভেকু মেশিন ও ৩ টি ট্রাক জব্দ করে ধ্বংস করা হয়।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে মাটি কাটার কোন সুযোগ নেই। আজকে দুটি জায়গায় জরিমানা করা হয়েছে। সামনে যদি কেউ এমন অবৈধ কাজের চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফসলি জমি ও নদীকে রক্ষা করতে হলে মাটি ও বালু কাটা যাবে না। প্রভাবশালীদের কোন পরওয়া করা যাবে না।