পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেছেন, যেকোন কিছুর বিনিময়ে আগামীতে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যদি কেউ কেন্দ্র দখলের হুমকি দেয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেবামূলক কাজের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। আমাদের বিজয়ের মাধ্যমে সুজানগর-বেড়াবাসী সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে জনগণ মুক্তি পাবে।
শনিবার (০৬ সেপ্টেম্বর ) দুপুরে সুজানগর উপজেলা কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে আয়োজিত পাবনা-২ আসনের নির্বাচনি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব মানুষ এখনি আমাদের পোস্টার বিলবোর্ড ভেঙে ফেলানোর চেষ্টা করছে এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে। বিলবোর্ড পোস্টার ছিঁড়ে নোংরা রাজনীতি করে আমাদের ঠেকাতে পারবেন না। জনগণ আমাদের ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, এদেশে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামীতে জনগণ রায় দিবেন। ৫৪ বছরেও এ জাতি প্রকৃত প্রকৃত উন্নয়ন দেখতে পায়নি। দুর্নীতি ও লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে টাকা পাচার করেছে। বিদেশে শতশত বাড়িগাড়ী করেছে। দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাদামুক্ত পুরো উপজেলার পরিবেশ চাই, চাঁদামুক্ত সুজানগর বাজার চাই। কোন রাজনৈতিক নেতাদের জন্য যেন এ বাজারের দোকানদাররা অতিষ্ঠ হয়ে চলে না যায়। মাদক ও সন্ত্রাস মুক্ত সুজানগর বাজার চাই। এক টাকাও কেউ চাঁদা দিবে না। সন্ত্রাস মাস্তানী করে ত্রাস সৃষ্টি করতে দেবনা। সবাইকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
পাবনা-২ আসনের আসন পরিচালক অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এসএম সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের নায়েবে আমির ফারুক -ই আযম, সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, জামশেদ আলম খান, আব্দুস সুবাহান, আবু ইউসুফ প্রমুখ।