
আমাদের দৈনন্দিন আলাপচারিতায় মাথাব্যথা, গ্যাস্ট্রিক কিংবা জ্বর-সর্দির কথা যতটা অনায়াসে উঠে আসে, শরীরের একটি বিশেষ অংশের অসুস্থতার কথা ঠিক ততটাই গোপন থেকে যায়। সামাজিক ট্যাবু আর অহেতুক লোকলজ্জার দেয়াল পেরিয়ে যে রোগটির কথা চিকিৎসকের চেম্বার পর্যন্ত পৌঁছাতে সবচেয়ে বেশি সময় নেয়, তার নাম পাইলস বা অর্শ (Hemorrhoids)।
অথচ পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশ জীবনের কোনো না কোনো পর্যায়ে এই সমস্যায় ভোগেন। আজ ২০ নভেম্বর, ‘বিশ্ব পাইলস দিবস’। নীরবতা ভেঙে অজ্ঞতা ও লজ্জার চেয়ে সুস্থ থাকার আগ্রহকে বড় করে তোলাই এই দিবসের মূল লক্ষ্য।
রোগটি আসলে কী, কেনই-বা এত সংকোচ?
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পাইলস কোনো জটিল বা অস্পৃশ্য ব্যাধি নয়। মলদ্বার ও পায়ুপথের ভেতরে ও চারপাশে থাকা সূক্ষ্ম রক্তনালিগুলো অতিরিক্ত চাপে ফুলে উঠলে বা প্রসারিত হলে তাকে পাইলস বলে। অঙ্গটির অবস্থানের কারণে রোগীরা এটিকে ‘গোপন রোগ’ ভেবে চেপে যান। ফলে প্রাথমিক পর্যায়ে যখন কেবল জীবনযাত্রার সামান্য পরিবর্তনেই এটি পুরোপুরি সেরে যেত, তখন তা জটিল রূপ নেয়। আর এই সংকোচের সুযোগ নেয় অপচিকিৎসা। রাস্তার পাশের চটকদার বিজ্ঞাপন বা বিনা অপারেশনে স্থায়ী সমাধানের ভুয়া প্রলোভনে পা দিয়ে অনেকেই বিপদ ডেকে আনেন।
আধুনিক জীবনযাপনের অদৃশ্য যোগসূত্র
পাইলসকে অনেক সময় আধুনিক নাগরিক জীবনের ‘উপহার’ বলা চলে। আমাদের বদলে যাওয়া জীবনধারাই এই
রোগের ঝুঁকি বাড়াচ্ছে:
আঁশহীন খাদ্যাভ্যাস ও পানিশূন্যতা:
ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক বাড়ায় খাদ্যতালিকা থেকে শাকসবজি ও ফলমূল কমে যাচ্ছে। ফাইবার বা আঁশের অভাব এবং কম পানি পানের ফলে মল শক্ত হয়ে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য তৈরি হয়।
টয়লেটে দীর্ঘ সময় ব্যয়:
টয়লেটে স্মার্টফোন নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকার বদভ্যাস মলদ্বারের রক্তনালিগুলোর ওপর অভিকর্ষজ চাপ বাড়িয়ে পাইলসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
শারীরিক নিষ্ক্রিয়তা ও বেগ আটকে রাখা:
দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করা, কায়িক পরিশ্রমের অভাব এবং ব্যস্ততার কারণে মলত্যাগের স্বাভাবিক চাপ চেপে রাখা মলকে আরও শুষ্ক ও শক্ত করে তোলে।
যে লক্ষণগুলো অবহেলা করবেন না:
মলত্যাগের সময় ব্যথা বা অস্বস্তি, মলত্যাগের সময় বা পরে উজ্জ্বল লাল রক্তপাত, মলদ্বারের চারপাশে চুলকানি ও জ্বালাপোড়া, মলদ্বারের বাইরে ফোলা বা মাংসপিণ্ড অনুভব করা এবং মলত্যাগের পরও পেট পরিষ্কার না হওয়ার অনুভূতি পাইলসের সাধারণ লক্ষণ।
সতর্কতা: সব রক্তপাতই পাইলস নয়
পাইলস নিয়ে সবচেয়ে বড় বিপত্তি ঘটে আত্ম-চিকিৎসা (Self-medication) করতে গিয়ে। মলদ্বার দিয়ে রক্তপাত হলেই অনেকে ধরে নেন এটি পাইলস। কিন্তু এর পেছনে এনাল ফিশার, ফিস্টুলা, পলিপ, এমনকি কোলোরেক্টাল ক্যানসারের মতো মারাত্মক রোগও লুকিয়ে থাকতে পারে। তাই নিজে থেকে ওষুধ বা মলম ব্যবহার না করে সঠিক রোগ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা:
পাইলস প্রতিরোধের চাবিকাঠি আমাদের হাতেই। প্রতিদিনের খাবারে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার রাখা, দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করা, নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করা এবং টয়লেটে ৫-৭ মিনিটের বেশি সময় না কাটানোই এই রোগ থেকে দূরে থাকার সহজ উপায়।
আর রোগটি হয়ে গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রাথমিক পর্যায়ের পাইলস কেবল ওষুধ ও খাদ্যাভ্যাস পরিবর্তনেই সেরে যায়। মাঝারি ও জটিল পর্যায়ের জন্য বর্তমানে রাবার ব্যান্ড লাইগেশন, স্ক্লেরোথেরাপি, লেজার সার্জারি ও স্ট্যাপলার হেমোরয়েডোপেক্সির মতো আধুনিক ও প্রায় ব্যথাহীন চিকিৎসা পদ্ধতি রয়েছে, যাতে রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
রোগ কখনো লজ্জার বিষয় হতে পারে না। বিশ্ব পাইলস দিবসে আমাদের অঙ্গীকার হোক—সংকোচ ঝেড়ে ফেলে সচেতন হওয়া এবং সময়মতো বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ জীবন নিশ্চিত করা।
ডা. মো: সিরাজুল ইসলাম
সহযোগী অধ্যাপক, (সার্জারি)
পাবনা মেডিকেল কলেজ।